ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংস্কারে গৃহীত প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও জনদুর্ভোগ সম্পর্কে সম্প্রতি ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর লোক দেখানো সংস্কারে নেমেছে বিআরটিএ। সরেজমিন দেখা যায়, টঙ্গীবাজার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড, নতুন বাজার, চেরাগআলি এলাকায় সড়কের যে সব স্থানে পরিবহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেইসব স্থানে পুরোনো ইট ও নিম্নমানের বালু দিয়ে কয়েকজন দিনমজুর জোড়াতালি দিয়ে সংস্কারের চেষ্টা করছেন। স্থানীয় ও পরিবহনের কয়েকজন অভিযোগ করে বলেন, সরকার প্রকল্পের পাশাপাশি সড়ক সংস্কারের জন্য প্রতিবছর বিআরটিএকে যে পরিমাণ অর্থ দেয় তা দিয়ে সড়ক সংস্কার করা হয় না। সড়ক সংস্কারের অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানানো হয়। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণের উপ- পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিআরটিএ কর্তৃপক্ষ আমাদের কোনো প্রকার নোটিশ না দিয়েই মহাসড়ক বন্ধ করে তাদের প্রকল্পের কার্যক্রম চালিয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা বিআরটিএর প্রকল্প পরিচালক (পিডি) চন্দন বসাকের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করলে তিনি শুধু সংস্কারের আশ্বাস দেন।’