ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড

ইসলামি আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। ফ্রান্সে বিশ্বনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী কটূক্তির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার এই কর্মসূচি দিয়েছিল দলটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজার হাজার মুসল্লি সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে গুলশানের দিকে রওনা হয়। কিন্তু মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ, বাংলাদেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার, ফরাসি পণ্য নিষিদ্ধসহ কয়েক দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।

সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ফ্রান্স সরকার নবির বিরুদ্ধে সেদেশে বড় বড় বিলবোর্ড বসিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। তাই ফ্রান্স সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্বের মুসলমানদের নৈতিক ও ইমানি দায়িত্ব। এ ঘটনায় সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন ব্যবস্থা নিলেও আমাদের দেশের সরকার এখনো নিশ্চুপ কেন?

অবিলম্বে সরকারিভাবে ফ্রান্সের এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ফ্রান্সের রাষ্ট্রপতি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সব পণ্য বর্জন করতে হবে। অচিরেই সংসদে বিল উত্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করতে হবে। তিনি ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানান।