অনলাইনে নয়, রাবিতেও ভর্তি পরীক্ষা হবে সরাসরি

অনলাইনে নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা সরাসরি নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কবেনাগাদ পরীক্ষা হবে, ক্যাম্পাসে, নাকি নিজ বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাবি উপাচার্য ও শিক্ষা পরিষদের সভাপতি অধ্যাপক এম আব্দুস সোবহান উক্ত সভায় সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনলাইনে নয়, সশরীরে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষা পরিষদে অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার পক্ষে মতামত জানিয়েছেন। তবে করোনাসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

উপ-উপাচার্য আরো বলেন, এখন থেকে শুধু মাস্টার্স পাশ করা শিক্ষার্থীরাই নয়, অনার্স পাশ করা শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ বিষয়টি শিক্ষা পরিষদের সভায় অনুমোদন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এ বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রতি দুই বছরের জন্য বঙ্গবন্ধু চেয়ার নির্বাচন করা হবে। মূলত শিক্ষা ও কর্ম, সাহিত্য, গবেষণা, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এবং সার্বিক বিষয়ের ওপর ভিত্তি করে এ পদমর্যাদা নির্বাচিত হবে।