দুই শিশুসহ আরো চার জন ধর্ষণ-নিপীড়নের শিকার

ইত্তেফাক ডেস্ক

নওগাঁর বদলগাছীতে পাঁচ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অন্যদিকে, দিনাজপুরে আপন ফুপার দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে একই বয়সের আরেক শিশু। এছাড়া মৌলভীবাজারে এক কিশোরী এবং বাগেরহাটে এক পোশাককর্মী ধর্ষণের শিকার হয়েছে। আর খুলনায় দুই শিশুকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে চিকিত্সাধীন অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। রংপুর এবং ময়মনসিংহে দুটি ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এর বাইরে বরিশালে এক ধর্ষিত কলেজছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক ও ধর্ষণের পর তাকে জিম্মি করে ফের ধর্ষণচেষ্টার অভিযোগে অন্য চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে গাজীপুর এবং ভাণ্ডারিয়ায় পৃথক দুটি ধর্ষণের ঘটনায় মামলা ও অভিযুক্তরা আটক হয়েছে। সংশ্লিষ্ট এলাকাসমূহ থেকে পাঠানো খবর :

বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে নানার বাড়িতে বেড়াতে এসে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। জানা যায়, উপজেলার মথুরাপুর ইউপির কদমগাছী গ্রামের ঐ শিশু উপজেলার পাহাড়পুর ইউপির রসুলপুর গ্রামে নানাবাড়িতে যায়। সেখানে পাশের বাড়ির আব্দুস সালামের ছেলে নাইম হোসেন (১৪) ও তার বন্ধু রিফাদ (১৫) টিভি দেখার  কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। কিন্তু ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির চিত্কারে বাড়ির লোকজন ছুটে এলে নাইম ও রিফাদ পালিয়ে যায়। স্বজনরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে সেখানেই চিকিত্সারত। বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাট (দিনাজপুর) :দিনাজপুরের ঘোড়াঘাটে আপন ফুপার কাছে যৌন নিপীড়নের  শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। এ ঘটনার ঐ শিশুর মা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, পশ্চিম নয়াপাড়া গ্রামের ঐ শিশুকে তার দাদা-দাদি লালনপালন করেন। তার মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন।

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে সোমবার রাতে পূজা দেখে বাড়ি ফেরার পথে ২২ বছর বয়সি এক গার্মেন্টসকর্মী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ মিজানুর রহমানসহ পাঁচ জনকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শেখ মিজানুর রহমান (৩৫) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বাকপুরা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে। গ্রেফতারকৃত অন্য চার জন হলেন বাগেরহাট সদর উপজেলার চিন্তারখোড় গ্রামের অমল মৃধার ছেলে বিকাশ মৃধা (১৯), নারায়ণ চন্দ্র সরকারের ছেলে সুকান্ত সরকার (৩২), অসীম বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮) ও মো. আনোয়ার ফকিরের ছেলে মো. সোহেল ফকির (২৩)। জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন, শেখ মিজানুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা :মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ের টিলার বাগানের একটি ঘরের মধ্যে বেঁধে রেখে ১৭ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ একই এলাকার সোহেল মুন্সি (২৬) নামে এক বখাটে এবং ভুক্তভোগী ঐ ছাত্রীর দূরসম্পর্কের খালা ফিরোজা বেগমকে গ্রেফতার করেছে। সোহেল মুন্সি লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা মফিজুর রহমান ফিরোজ মুন্সির ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ঐ ছাত্রী কলেজে ভর্তির সময়ে রেখে যাওয়া সার্টিফিকেট নিতে খালা ফিরোজা বেগমের ভাড়া বাসায় যায়। এসময় বখাটে সোহেল মুন্সী দরজা নক করে ঘরে প্রবেশ করে ঐ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ছাত্রীর চিত্কার শুনে প্রতিবেশী শ্রমিকরা ছুটে এসে তাকে রক্ষা করে। মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিত্কার দিলেও ফিরোজা বখাটে সোহেলকে বাধা দেয়নি। 

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা :গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর শেরে বাংলা রোড এলাকায় নূরুন্নাহার বেগম (১৮) নামের গৃহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমান হাবিবকে (২২) সোমবার হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

স্টাফ রিপোর্টার রংপুর :রংপুরে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ করার দায়ে পীরগাছা উপজেলার ফকিরান এলাকার নয়া মিয়া নামের এক গৃহকর্তাকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। দীর্ঘ ১৩ বছর পর মামলার রায় ঘোষণার সময় পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে বিচারক এ আদেশ প্রদান করেছেন।

ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহ সদরের আট বছরের এক শিশু ধর্ষণ মামলায় মোতালেব হোসেন (৫১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক এস এম এরশাদুল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোতালেব হোসেন সদর উপজেলার দক্ষিণ পাড়াইল গ্রামের মৃত শের আলী মুন্সির ছেলে।

খুলনা অফিস :খুলনায় দুই শিশুকে ধর্ষণের অ?ভিযোগে পুলিশ হিরু মিয়া (৫০) নামে এক মাহিন্দ্রাচালককে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া (বরিশাল) :বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পরে ধর্ষণের শিকার ছাত্রী ও ধর্ষককে জিম্মি করে মেয়েটিকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালিয়েছিল স্থানীয় চার যুবক। এমন অভিযোগে ধর্ষণের শিকার ঐ কলেজ ছাত্রী বাদী হয়ে একজনের বিরুদ্ধে ধর্ষণ ও চার জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে গতকাল মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল প্রেরণ করেছে।