সাইদুর রহমান
আসন্ন পৌরসভার ভোটের জন্য প্রস্তুতির মধ্যে বিভিন্ন পৌর মেয়র প্রধানরা নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে ভোট না করার জন?্য চিঠি দিয়েছেন। করোনা ভাইরাসের মধ্যে ভোট নিয়ে অনীহা প্রকাশ করে বিভিন্ন পক্ষ থেকে অন্তত শ খানেক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। বিভিন্ন জনপ্রতিনিধির ভোট না করার জন্য আবেদন, তদবির ও যোগাযোগে বিরক্ত নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসি সাফ জানিয়েছে, আইন অনুযায়ী যথাসময়ে পৌর ভোট অনুষ্ঠিত হবে। করোনার অজুহাতে ভোট পেছানোর সুযোগ নেই।
পৌরসভা ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, করোনা ভাইরাসের কারণে পৌরসভা নির্বাচন পেছানো হবে না। নীতিগতভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর-ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে। ভোট জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে পারে। এর আগে-পরেও হতে পারে। তিনি বলেন, করোনার কারণে এবার শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কম। এইচএসসি পরীক্ষা হবে না। সবদিক বিবেচনা করে নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হবে।
পৌরসভায় নির্বাচন করার উদ্যোগ শুরু হলে বিভিন্ন পৌর মেয়র সিইসির কাছে ভোট না করার জন?্য চিঠি দেন। এতে তারা উল্লেখ করেন—সারাবিশ্ব আজ করোনা ভাইরাসের ভয়ে কাঁপছে। ঘরে-বাইরে লোকজন চলাচল এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অনেক প্রতিনিধি এ রোগে আক্রান্ত হয়ে অকালে ঝরে পড়েছেন। এ ঝুঁকির মধ্যেও জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচনি কার্যক্রম গ্রহণ করলে কোনো প্রার্থী ঘর থেকে বের হতে পারবেন না, আবার ভোটাররাও ভোটকেন্দ্রে আসতে পারবেন না। এজন্য দুর্যোগকালীন সময়ে নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ জানান তারা।
ইসি সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী বতর্মানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৯১টি। এরমধ্যে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে মেয়াদ শেষ হবে ২৩৫ পৌরসভায় এবং এপ্রিলের মধ্যে নির্বাচন মেয়াদ শেষ হবে ৫৬ পৌরসভায়। সীমানা জটিলতা ও মামলাজনিত কারণে আপাতত নির্বাচন হচ্ছে না ৩৮ পৌরসভায়।
এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা নিয়েছে কমিশন। এ নির্বাচনে অধিকাংশ পৌরসভায় ইভিএম ব্যবহার করার প্রস্তুতি চলছে। তবে কিছু পৌরসভায় ব্যালট পেপারেও ভোটগ্রহণ করবে ইসি।
গতকাল ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়—২০২১ সালের প্রথম দিকে অনেক পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। এসব পৌরসভার সাধারণ নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার পৌরসভা আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। করোনা মহামারির কারণে পৌরসভা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট আইন অনুযায়ী পৌরসভাগুলোর সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।