চেহলাম থেকে ফেরার পথে একই পরিবারের তিন জন নিহত

সানজিদা জিনিয়া

কক্সবাজারে চেহলাম শেষে ফেরার পথে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এছাড়া ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

কক্সবাজার : ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান গিয়াস উদ্দিন সিকদার। তার মৃত্যুর ৩৩ দিন পর ২৪ অক্টোবর চেহলামের আয়োজন করে তার পরিবার। চেহলাম শেষে ফেরার পথে সিএনজি-ডাম্কারের সংঘর্ষে নিহত হন মরহুমের বড় ছেলেসহ একই পরিবারের তিন জন। গত সোমবার পেকুয়ার মেহেরনামা পেরিয়ে নন্দীপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গিয়াস উদ্দিনের ছেলে চট্টগ্রাম কাস্টমসের কর্মচারী আমিনুল কবির (৩২), বড় মেয়ের জামাই ঠিকাদার আক্কাস উদ্দিন (৩৮) ও নাতনি শিক্ষার্থী সোনিয়া আক্তার (১৬)। সোমবার ট্রলারে নদী পেরিয়ে মগনামাঘাট হতে চকরিয়া বাস স্টেশনের উদ্দেশে সিএনজিতে উঠেন বাবা আক্কাস, মেয়ে সোনিয়া ও মামা আমিনুল। সিএনজিটি নন্দীপাড়া স্টেশনে আসলে মাটিভর্তি ডাম্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আমিনুল কবির, হাসপাতালে নেওয়ার পথে আক্কাস উদ্দিন ও চমেকে চিকিত্সাধীন অবস্থায় সোনিয়ার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার এক সঙ্গে তিন জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

রাউজান (চট্টগ্রাম) : রাউজানে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খুরশিদা বেগম (৪৭) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার মাওলানা দোস্ত মোহাম্মদ সড়কের লাঠিছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুরশিদা বেগম হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজুপাড়ার আলী আকবরের স্ত্রী।

নেত্রকোনা : সদর উপজেলার বাংলা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গতকাল ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাংলা গ্রামের ইউসুফ আলীর পুত্র মুফতি জসিমউদ্দিন (৩৫) এবং সতেরশ্রী গ্রামের মৃত চান মিয়ার পুত্র অটোচালক কমল মিয়া (৩০)। জসিমউদ্দিন সতেরশ্রী সাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক।

মুন্সীগঞ্জ : টঙ্গিবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুমন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে নিজ বাড়ি যাওয়ার পথে ফুলতলা ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। সুমন টঙ্গিবাড়ী উপজেলার মধ্যে খলাগাঁও গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর ছোট ছেলে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) : মহাসড়ক পারপারের সময় ট্রাকচাপায় বিএনপি নেতা বদিউল আলম প্রকাশ সাহাবুদ্দীনের (৫৭) মৃত্যু হয়। গতকাল বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর পাড় হাজিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাহাবুদ্দীন বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি।