দেশে করোনা ভাইরাসে গত এক দিনে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জনই ঢাকা বিভাগের, দুই জন চট্টগ্রাম এবং এক জন খুলনা বিভাগের বাসিন্দা। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৩৩৫ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। আর মৃতের মোট সংখ্যা ৫ হাজার ৮৩৮ জন। বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ১২৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১টি ল্যাবে ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৫৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ছয় জন। মৃতদের মধ্যে ১২ জনের বয়স ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জন করে মোট তিন জনের বয়স ৩১ থেকে ৪০, ২১ থেকে ৩০ ও ১১ থেকে ২০ বছরের মধ্যে।