বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আরাফাত হোসাইনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার বাসভবনেও হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলায় শিক্ষক আরাফাত হোসাইনের ডান হাতের আঙুল ভেঙে গিয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার মৃধা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার আরাফাত হোসাইন জানান, জমি ক্রয় করে ২০১০ সাল থেকে সেখানে বসবাস শুরু করেন। বসবাস শুরুর পর থেকেই পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা এবং শীর্ষ সন্ত্রাসী প্রয়াত শাহজাহান ওরফে ট্যারা শাহজাহানের ছেলে আমির হোসেন গাজী বিপ্লব নানানভাবে তাদের বিরক্ত করত। গতকাল শিক্ষক আরাফাত হোসাইন ও বিপ্লবের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বিপ্লব আরাফাতকে মারধর শুরু করেন। পরবর্তীতে আরাফাত হোসাইনের বাসায় ভাঙচুর করে আমির হোসেন গাজী বিপ্লব। বর্তমানে আরাফাত হোসাইন প্রাথমিক চিকিত্সা নিয়ে থানায় রয়েছেন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন আরাফাত হোসাইন।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।