বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন রক্ষায় আগামী বছরের এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার।
সোমবার ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মাউরো বলেন, ব্রাজিল সরকার এ বছরের নভেম্বরের শেষ থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অর্থাৎ আগামী ৫ মাস অ্যামাজন রেইন ফরেস্টে সামরিক বাহিনী মোতায়েনের সময় বাড়ানো হয়েছে। অ্যামাজন রেইন ফরেস্টকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
মাউরো সাংবাদিকদের জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতি জায়ের বলসোনারো বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টকে রক্ষার জন্য আদেশপত্রে স্বাক্ষর করবেন।
ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, ‘এই পদক্ষেপের ফলে অ্যামাজন রেইন ফরেস্ট অনেকাংশেই রক্ষা পাবে। ফলে আমাদের পরিবেশ থেকে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস শোষণ করে আমাদের জলবায়ু পরিবর্তনকে প্রতিরোধ করবে।’
আরো পড়ুন : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
চলতি বছরের মে মাসে অ্যামাজনে সামরিক বাহিনী মোতায়েন করেছিলেন রাষ্ট্রপতি জায়ের বলসোনারো। ২০১৯ সালে আমাজনে আগুন লাগলে সেনা মোতায়েন করা হয়েছিল। ওই ঘটনার পর বিশ্বের বৃহত্তম এই রেইন ফরেস্ট রক্ষায় ব্রাজিলের আরও ভূমিকা রাখার জন্য ব্রাজিলের উপর চাপ প্রয়োগ করেছিলেন বিশ্বনেতারা।
২০১৯ সালে বলসোনারো ক্ষমতায় আসার পর ব্রাজিলে বন ধ্বংস ও বনে আগুন লাগার মতো ঘটনা বাড়ছে বলে সমালোচনার ঝড় ওঠে। আন্তর্জাতিক চাপেই হোক আর সমালোচনার কারণেই হোক সামনের বছর পর্যন্ত আমাজনে সেনা মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার।
ব্রাজিল সরকারের তথ্যমতে, গত জুলাই থেকে সেপ্টেম্বরে পর্যন্ত বন উজাড় অনেকাংশে কমে এসেছে।
ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মাউরো বলেন, ‘বন উজাড় বন্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই না বিশ্ব মহল আমাদের নিয়ে সমালোচনা করুক।’ রয়টার্স
ইত্তেফাক/এএইচপি