আবরারের মৃত্যু

প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। অভিযোগ গঠন বিষয়ে আদেশ প্রস্তুত না হওয়ায় আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, এই মামলার আট আসামি অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছেন। এই আবেদনের ওপর আদেশ লেখা সম্পূর্ণ না হওয়ায় নতুন দিন ধার্য করেছেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ বলেন, আট জনের অব্যাহতির আবেদনের শুনানি এর আগে হয়ে গেলেও যাচাই-বাছাই করে আদেশ লেখার সময় পাননি বিচারক। এজন্য অভিযোগ গঠন পিছিয়েছে।

গত বছরের পহেলা নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর এক অনুষ্ঠানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান আবরার। এ ঘটনায় গত বছরের ৬ নভেম্বর আবরারের বাবা মো. মুজিবুর রহমান প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ঐ অভিযোগ তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।