ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও তার স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত হবে প্রভাবমুক্ত। এ মামলার তদন্তে কেউ প্রভাব খাটাতে পারবে না। গতকাল তেজগাঁও থানা প্রাঙ্গণে নারী ও শিশুদের জন্য কুইক রেসপন্স টিম ও হটলাইন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, নৌবাহিনীর একজন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার স্ত্রীকেও অসম্মান করা হয়। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। রমনার ডিসি ঘটনাস্থল পরিদর্শনসহ মামলার তদন্তের কাজে যতটুকু সহযোগিতা করা যায় সেটি করছেন। দ্রুত সময়ের মধ্যে সব আসামি গ্রেফতার হয়েছে। এই মামলার দুই নম্বর আসামি দিপুকে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) টিম টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে। এখন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ ও মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রবিবার রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজি মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজি সেলিমের ছেলেসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ। একইদিন ইরফান সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব।