রাষ্ট্রপতিকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য

সেই কর্মচারী বাধ্যতামূলক অবসরে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেওয়ায় সাময়িক বরখাস্ত কর্মচারী মো. আতর আলীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সংসদ সচিবালয়। গতকাল মঙ্গলবার তার বাধ্যতামূলক অবসর কার্যকর হয়েছে।

সংসদ সচিবালয়ের এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি সম্পর্কে কোনো অসত্য বক্তব্য প্রদান সাংবিধানিক চেতনার পরিপন্থি। তিনি মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে অসত্য বক্তব্য প্রদান করেছেন, যা একজন সরকারি কর্মচারী হিসেবে অনুচিত ও অনভিপ্রেত। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৭ আগস্ট সংসদের শপথকক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে কর্মচারীদের পক্ষ থেকে আতর আলী তার বক্তব্যে বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার থাকার সময় এ ধরনের অনুষ্ঠান হয়নি।’এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় আতর আলীকে। পরে সাময়িক বরখাস্ত করা হয়। চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি আতর আলী সংসদ সচিবালয়ে সংসদ নেতার দপ্তরে কর্মরত ছিলেন।