‘যুক্তির সমরে মুক্তির মিছিল’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) দুইদিন ব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মুক্তচিন্তা প্রসার ও সুস্থ ধারার বিতর্ক চর্চায় সম্পৃক্ত রাখার জন্য ৩০ অক্টোবর থেকে এই আয়োজন শুরু হবে।
জানা যায়, করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় এবারের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অনলাইন মাধ্যমে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগ অংশগ্রহণ করবে। বিতর্ক প্রতিযোগিতাটি ৩০ অক্টোবর শুক্রবার থেকে ৩১ অক্টোবর শনিবার পর্যন্ত চলবে। বিতর্ক প্রতিযোগিতা সংগঠনের অফিশিয়াল ডিস্কোর্ড অ্যাপে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:তালায় স্কুলের প্রাচীর নির্মাণে বাধা ও জমি দখলের অভিযোগ
আয়োজন সম্পর্কে ডিবেটিং সোসাইটির সভাপতি জোনায়েদ হোসান ইমন বলেন, শিক্ষার্থীদের মেধা মননশীলতা চর্চায় অভ্যন্তরীণ বিতর্ক ও তারুণ্যের বাগ্মিতা শাণিত করার লক্ষ্যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সবসময় কাজ করে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ৩৪টি বিভাগ নিয়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে এবার আমরা অনলাইনে এই আয়োজনটি করব।
ইত্তেফাক/এএএম