আলিশার স্বপ্নযাত্রা

লো পা  চৌ ধু রী

প্রথমবার নয়, এর আগেও বহুবার তাকে ক্যামেরার মুখোমুখি হতে হয়েছে! শুনতে হয়েছে অ্যাকশান, কাট! কিন্তু এবারের বিষয়টা যেন স্বপ্নের মতো! কিছুটা ভয়, অথচ ভেতরে চাপা উত্তেজনা নিয়ে ক্যামেরার সামনে! নির্দেশক ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গেই ক্যারিয়ারে যেন অন্যরকম এক স্বপ্নযাত্রা! বলছি মিস ইউনিভার্সের প্রথম রানার্সআপ আলিশা ইসলামের সিনেমা যাত্রার কথা। কারণ প্রথমবারের মতো তিনি সিনেমায় অভিনয় করলেন! সিনেমার নাম ‘ভালোবাসার প্রজাপতি’। সিনেমায় অভিনয়ের বিষয়টি আলিশার ভাষ্যে, এটি স্বপ্নের মতো ব্যাপার। লাইট, ক্যামেরা, শুটিং—শব্দগুলোর সঙ্গে পরিচিতি থাকলেও এর আগে তিনি কাজ করেছেন শুধু মিউজিক ভিডিও কিংবা বিজ্ঞাপনে! কিন্তু এই প্রথম সিনেমায় কাজের সুযোগ!

আলিশা বলেন, এটা আমার জন্য আশীর্বাদ। প্রথমবার যখন ‘ভালোবাসার প্রজাপতি’র নির্মাতা রাজু ভাইয়ের মুখে গল্প শুনি, তখনই কিছু না ভেবে ‘হ্যাঁ’ বলে দিয়েছি। কারণ অভিনয় কিংবা নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম তো আসলে সিনেমা-ই। শুটিংয়ের অভিজ্ঞতা থাকলেও সিনেমায় প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা আজীবন মনে থাকবে বলেও জানান আলিশা। তিনি বলেন, সিনেমায় অভিনয় করব এটা ভেবেই আমার দারুণ এক্সাইটমেন্ট ছিল, আবার প্রথম সিনেমা— এই ভেবে কিছুটা ভয়ও ছিল। ক্যামেরার সামনে খুব নার্ভাস ছিলাম, কিন্তু সহ-অভিনেতা, নির্মাতা এবং পুরো টিমের অনুপ্রেরণায় খুব অল্পসময়েই সবকিছু সহজ হয়ে ওঠেছিল। সত্যিই দারুণ উপভোগ করেছি।

এই সিনেমায় একজন ফ্যাশন মডেলের চরিত্রে অভিনয় করেছেন নবাগতা আলিশা। তিনি জানান, আমি নিজেও ‘মিস ইউনিভার্স’-এর মতো প্লাটফর্ম থেকে উঠে আসছি, ফলে চরিত্রটির ডেপথ বুঝতে খুব একটা জটিলতায় পড়তে হয়নি। নিজের সমস্তটা দিয়েই কাজ করেছি, এখন বাকিটা দর্শকের ওপর। এই ছবিতে আলিশা ইসলাম ছাড়া আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি, অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজু আলীম, লাক্সতারকা তানিন তানহা, শিপন মিত্র, প্রিয়মণি, ডি জে সোনিকা প্রমুখ।