সোহেল সারোয়ার চঞ্চল
নেপালের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়রা খুব একটা পার্থক্য দেখছেন না। নেপালের খেলোয়াড়দের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন। ব্যক্তিগত পারফরম্যান্সে নেপালের খেলোয়াড়দের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। মিডফিল্ডার সোহেল রানার কাছে হিসেব আছে। সোহেল রানা বললেন, ‘নেপালের চেয়ে আমাদের টিম ভালো। সমস্যা হচ্ছে ম্যাচের দিন আমরা ছোট ছোট ভুলে হেরে যাই। প্লেয়ারদের কোয়ালিটির প্রশ্নে যদি বিচার করেন তাহলে আমাদের খেলোয়াড়দের ওপরে রাখব। আর ছোট ছোট যেসব ভুলের কথা বললাম আশা করি, আগামীতে এগুলো কাটিয়ে উঠব। এটা ঠিক নেপাল টিম হয়ে খেলতে পারে। যা হোক, আমরা তো নেপালের ভুলগুলো জানি। নিজেরা ভুল করব না আর নেপালের ভুল কাজে লাগাব—তাহলে ম্যাচ জেতার সুযোগ তো আসতেই পারে।’
আগামী ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ফুটবল ম্যাচের জন্য বাংলাদেশের খেলোয়াড়রা এখন প্রস্তুতি নিচ্ছে। কমলাপুর স্টেডিয়ামে খেলোয়াড়দের কুপার টেস্ট চলছে।
মঙ্গলবার রাতে ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ১২ ফুটবলার। বসুন্ধরার ফুটবলাররা অন্যান্য খেলোয়াড়দের চেয়ে এগিয়ে, কারণ তারা অনুশীলনে ছিলেন। তার পরও ফিটনেস কতটা আছে সেটা প্রমাণ দিতে হবে। কোচ মাসুদ পারভেজ বললেন, ‘বসুন্ধরার খেলোয়াড়রা অনুশীলনে থাকলেও তারা কম্পিটিভি ম্যাচ খেলেননি। ম্যাচ খেললে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। সব মিলিয়ে আমাদের ফুটবলাররা সাত/আট মাস খেলেনি। খেলা নেই আমরা পিছিয়ে আছি। ম্যাচের আগে পিছিয়ে থাকাটা যতদূর পূরণ করা যায় সেই চেষ্টাই করছি।’
সোহেল রানা বললেন, ‘আমরা প্রায় এক সপ্তাহ ধরে ফিটনেস ট্রেনিং করছি। কারণ কেউ তো খেলার মধ্যে ছিলাম না। সবচেয়ে ভালো লাগছে আবার এক সঙ্গে অনুশীলনে নেমেছি, আবার ফুটবলে ফিরতে পেরেছি এটা বাড়তি একটা প্রেরণা আমাদের ফুটবলারদের জন্য।’
আজ ঢাকায় আসার কথা রয়েছে দলের ইংলিশ কোচ জেমি ডে, একই দিনে কোচিং স্টাফরাও ঢাকায় আসবেন। জেমি ঢাকায় এসে খেলোয়াড়দের কুপার টেস্টের রিপোর্ট দেখবেন। অনুশীলনের পরিকল্পনা তৈরি করবেন। জাতীয় দলের অধিনায়ক ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়াও আজ ঢাকায় ফিরবেন বলে আগেই জানিয়ে রেখেছে বাফুফে। প্রীতি ম্যাচের নেপাল ঢাকায় আসতে পারে ৫ নভেম্বর। গতকাল পর্যন্ত তারা পুজো নিয়ে ব্যস্ত ছিল। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন নেপাল ঢাকায় বিশেষ বিমানে আসবে। এরপর ঢাকায় থাকাকালীন সব খরচ বাফুফেকে বহন করতে হবে।