সিরাজগঞ্জ প্রতিনিধি ও বেলকুচি সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচিতে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে বাইচ। সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। এনায়েতপুর-বেলকুচির মেঘুল্লায় যমুনা নদীতে এই প্রতিযোগিতায় ঢাক-ঢোলের বাজনার সঙ্গে তাল মিলিয়ে জারি-সারি ও ধুয়া গান গান গাওয়া হয়।
এ সময় কয়েক জেলার লক্ষাধিক মানুষ জড়ো হন। বাইচে পাবনা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া প্রতিযোগী ৩৯টি নৌকাকে উত্সাহ দিতে উপস্থিত এসব দর্শকের আবেগ, উত্তেজনা এবং মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল পুরো এলাকা।
বাইচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাইচের আয়োজন করা হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইকতেখার উদ্দিন শামীম, বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার প্রমুখ।