সূচকের বড় পতনেও লেনদেন ১ হাজার ১০০ কোটি টাকা

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বুধবার মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস সূচকের পতন হলো। সূচকের পতন হলেও শেয়ারবাজারে লেনদেনের গতি বেড়েছে। লেনদেন বেড়ে ডিএসইতে আবারও ১ হাজার ১০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এর মাধ্যমে ২৬ কার্যদিবস পর ডিএসইতে ১ হাজার ১০০ কোটি টাকার লেনদেন হলো। গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সবগুলো সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৭টি এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১১২ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার কোটি ৯৩ লাখ টাকা। সেই হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১১ কোটি ১০ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সন্ধানী লাইফ ইনসিওরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইনসিওরেন্সের ২৮ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৩১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইনসিওরেন্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে কন্টিনেন্টাল ইনসিওরেন্স, বেক্সিমকো ফার্মা, পিপলস ইনসিওরেন্স, এক্সপ্রেস ইনসিওরেন্স, সিটি জেনারেল ইনসিওরেন্স, নর্দান ইসলামী ইনসিওরেন্স এবং পাইওনিয়ার ইনসিওরেন্স। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৩টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।