বিএনপি নিজেদের অপরাজনীতির জন্য জনবিচ্ছিন্ন হচ্ছে ---------- ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। আর নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দোষ চাপাচ্ছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ‘বিআরটিসির’ উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি      বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, তারা ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে বিএনপি ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে। আর আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকায় তাদের ওপর কর্মীরাও আস্থা হারিয়ে ফেলেছে। সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধী দলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনি প্রক্রিয়াকে ভয় পায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ নেওয়ার আগেই তারা হেরে যায়, তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে। বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের কী ভূমিকা তা জানতে আওয়ামী লীগের অতীত ভূমিকা দেখুন, তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করতে সহজ হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশে নারী গাড়িচালকের চাহিদা দিন দিন বাড়ছে, তাই বিআরটিসির মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরি। সেবার মান, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ালে এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বিআরটিসিকে লাভজনক করা সম্ভব বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।