ফরাসি রম্য সাময়িকী শার্লি এবদো প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র বা কার্টুন প্রকাশ করায় ক্ষিপ্ত হয়েছে তুরস্ক। সাময়িকীটির বিরুদ্ধে আইনি এবং কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মহানবী (সা.)কে বিদ্রুপ করার অর্থ পুরো মুসলিম জাতিকে বিদ্রুপ করা। এদিকে ভারতে ফ্রান্সের পক্ষে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে। ব্রিটেনও ফ্রান্সকে সমর্থন দিয়েছে। খবর বিবিসির
তুরস্কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
শার্লি এবদো এরদোয়ানের ব্যঙ্গচিত্র ছাপার পর তুরস্কের সরকার ক্ষিপ্ত হয়েছে। এরদোয়ানের যোগাযোগবিষয়ক পরিচালক ফাহরেত্তিন আলতুন বলেছেন, সাংস্কৃতিক বৈষম্য আর ঘৃণা ছড়ানোর লক্ষ্যে নেওয়া সাময়িকীটির এই জঘন্য প্রয়াসের আমরা নিন্দা জানাচ্ছি। ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘এই অসম্মান’-এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। এর পালটা জবাবে তুরস্কের সরকারপন্থি রম্য সাময়িকী ‘মিসভাক’ ম্যাক্রোঁ এবং শার্লি এবদোর সমালোচনামূলক বেশ কিছু ব্যঙ্গচিত্র ছেপেছে তাদের টুইটার পাতায়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির কৌঁসুলিরা এই রম্য সাময়িকীর বিরুদ্ধে সরকারিভাবে তদন্ত শুরু করেছে। এদিকে করোনা ভাইরাস মহামারির পর ন্যাটো জোটের মিত্রদের সঙ্গে তুরস্কের বিরোধের জের ধরে ডলারের অনুপাতে তুরস্কের মুদ্রার রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে।
ম্যাক্রোঁর বন্দনায় বিজেপি নেতা থেকে নেটিজেনরা
ফ্রান্সের সমর্থনে ভারতে নানা হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। ফ্রান্সের প্রতি সংহতিসূচক #আইস্ট্যান্ডইউথফ্রান্স এবং #উইস্ট্যান্ডউইথফ্রান্স ভারতে ৭২ ঘণ্টা ধরেই টপ ট্রেন্ডগুলোর মধ্যে উঠে এসেছে। হাজার হাজার ভারতীয় সোশ্যাল মিডিয়াতে ফ্রান্সের ভূমিকাকে সমর্থন করছেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বীরোচিত নেতৃত্বের প্রশংসা করছেন। ফ্রান্স ও ইসলামকে কেন্দ্র করে এই চলমান বিতর্কে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার অবশ্য গতকাল পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল বুধবার বলেছেন, ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গ-বিদ্রুপ করা মানে পুরো মুসলিম জাতিকে ব্যঙ্গ করা। তিনি সতর্ক করেন, এভাবে মহানবীকে নিয়ে বিদ্রুপ করা হলে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন এক বিবৃতিতে ফ্রান্সের ইসলামবিরোধী কার্টুনের কড়া নিন্দা জানিয়েছেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব ন্যাটো মিত্রদের সহিষ্ণুতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, তার দেশ ফ্রান্সের শিক্ষককে হত্যার ঘটনায় ফ্রান্সের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।