শ্রীলঙ্কায় বিশৃঙ্খল পরিস্থিতির জন্য চীনকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল কলম্বো সফরে গিয়ে এক বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার বন্ধু হয়ে কাজ করবে। তিনি মালদ্বীপে মার্কিন দূতাবাস খোলা হবে বলেও জানিয়েছেন। খবর রয়টার্সের
ভারত সফর শেষে গতকাল শ্রীলঙ্কায় যান পম্পেও। কলম্বোতে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, আমরা দেখছি শ্রীলঙ্কার সঙ্গে কিছু খারাপ চুক্তি করেছে চীন। চীনের কমিউনিস্ট পার্টি শিকারির ভূমিকা পালন করছে। তারা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। কিন্তু যুক্তরাষ্ট্র আসছে ভিন্নভাবে। শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে যুক্তরাষ্ট্র এবং কলম্বোর পার্টনার হবে ওয়াশিংটন, বলেন মাইক পম্পেও। চীনের ঘনিষ্ঠ মিত্র শ্রীলঙ্কায় এই প্রথম সফরে এলেন পম্পেও। শ্রীলঙ্কার বন্দর এবং মহাসড়কে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। গতকালই মালদ্বীপ সফরে গিয়ে পম্পেও বলেছেন, তার দেশ মালদ্বীপে প্রথমবারের মতো দূতাবাস খুলতে যাচ্ছে। গত সোমবার ভারত সফরের মধ্য দিয়ে পাঁচ দিনের এশিয়া সফর শুরু করেন মাইক পম্পেও। যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলে অঙ্গীকার করেছেন তিনি। যদিও চীন মাইক পম্পেওর বক্তব্যের কড়া সমালোচনা করেছে। লাদাখ সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের প্রবেশের সুযোগ নেই বলেও চীন জানিয়েছে।