উজিরপুরে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণ

ইত্তেফাক ডেস্ক

বরিশালের উজিরপুরে দেড় বছরের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এদিকে সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি, চট্টগ্রামের মিরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক ও সাতকানিয়ায় কিশোরী ধর্ষণচেষ্টায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের                টঙ্গিবাড়ীতে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে মাদ্রাসা পরিচালকের ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা জানান, উজিরপুরে দেড় বছরের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মঙ্গলবার ঐ গৃহবধূর স্বামী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় লিটন সরদার (৪২) নামে এক জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। জানা গেছে উপজেলার পশ্চিম শোলক গ্রামের দুই সন্তানের জননী গত ২২ অক্টোবর রাতের খাবার খেয়ে দেড় বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে গেলে পার্শ্ববর্তী বাড়ির রাজ্জাক সরদারের ছেলে লিটন সরদার ঘরের মধ্যে লুকিয়ে থাকে। পরে লিটন সরদার শিশু রিয়াকে হত্যার হুমকি দিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ঐ গৃহবধূকে ধর্ষণ করে।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলার জোরারগঞ্জ থানাপুলিশ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো— কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সুনাম উদ্দিনের ছেলে মিশু এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মোহাম্মদ আলির ছেলে হূদয়। গত মঙ্গলবার সকালে উপজেলার চিনকি আস্তানার উত্তর সোনাপাহাড় এলাকায় ১৪ বছর বয়সি এক কিশোরী ধর্ষণের শিকার হলে ঐ কিশোরীর বাবা বুধবার জোরারগঞ্জ থানায় ঐ দুই জনকে আসামি করে লিখিত অভিযোগ দিলে পুলিশ বুধবার সকালে তাদের আটক করে।

এদিকে সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গতকাল বুধবার আলী আহমদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার খোর্দ্দ কেঁওচিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরীর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করলে পুলিশ আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

স্টাফ রিপোর্টার, সাভার জানান, সাভারে এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃতের নাম মো. নিজামুদ্দিন সরদার ওরফে মিজান (৩০)। গতকাল বুধবার ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৪-এর সদস্যরা। সে পেশায় এক জন বাসচালক।

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) জানান, ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করার অভিযোগে মাদ্রাসা পরিচালকের ছেলেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। টঙ্গিবাড়ী উপজেলার সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে মাদ্রাসা পরিচালকের ছেলে মো. আহম্মদ উল্লাহ ফরাজী (২৫)। এ ঘটনায় ঐ ছাত্রীর মা সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। সে মাদ্রাসাটির পরিচালক কারি মুজাম্মেল হকের ছেলে।

বদলগাছীতে বলাত্কারের অভিযোগে এক জন গ্রেফতার

এদিকে বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা জানান, বদলগাছীতে বলাত্কার মামলায় এক জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার উপজেলার ভোলার পালশা গ্রামের ঐ ছেলে শিশুকে (৯) বাড়িতে একা পেয়ে জোরপূর্বক বলাত্কার করে একই গ্রামের আ. রাজ্জাক (৫৫)। শিশুটির চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে রাজ্জাক সটকে পড়ে। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে।

নোয়াখালীতে ধর্ষকের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ সামস্উদ্দীন খালেদের আদালত গতকাল বুধবার মো. ইব্রাহিম নামের একজনকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো. ইব্রাহিম হাতিয়া উপজেলার শূন্যেরচর গ্রামের আবদুল হাইয়ের ছেলে। ২০০৪ সালের ১১ এপ্রিল রাতে শূন্যেরচরের বেড়িবাঁধে বসবাসকারী এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে ইব্রাহিম। এ সময় তার স্বামী বাড়িতে ছিল না।