বাগমারায় জঙ্গি নির্যাতনে দিপঙ্কর হত্যার ১৭ আসামির সবাই খালাস

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বাগমারা উপজেলায় ২০০৪ সালে দিপঙ্কর সাহা হত্যা মামলায় ১৭ জনকে খালাস দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত-১-এর বিচারক মোসা. ইসমত আরা এ রায় দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৪ সালে ২৯ এপ্রিল তত্কালীন জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে তাদের হামিরকুত্সা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয় দিপঙ্কর সাহাকে। এ ঘটনায় দিপঙ্করের বাবা দিজেদ্রনাথ সাহা বাগমারা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ১৮ জনকে আসামি করা হয়। এই মামলার প্রধান আসামি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ফাঁসির রায় কার্যকর হয়েছে। অপর ১৭ আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। দীর্ঘদিন পরিচালিত এ মামলায় সাক্ষীরা আসামিদের শনাক্ত করতে না পারায় তাদের বেকসুর খালাস দেয় আদালত। এ মামলায় ৩৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় বলে আদালত সূত্রে জানা যায়।