সিরাজগঞ্জ প্রতিনিধি
অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি লালন করতেন মোহাম্মদ নাসিম। তিনি ছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা। তার মতো একজন রাজনীতিবিদকে হারিয়ে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। গতকাল বুধবার বিকালে সিরাজগঞ্জে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের স্মরণসভায় বক্তারা এমন মন্তব্য করেন।
বক্তারা বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন বাঙালি জাতীয়তাবাদের একনিষ্ঠ রাজনীতিক। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আন্দোলন সংগ্রামে পুলিশি নির্যাতনেও রাজপথ থেকে পালিয়ে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দলের জন্য কাজ করে গেছেন। মোহাম্মদ নাসিম ছিলেন যোগ্য পিতার যোগ্য সন্তান।
শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মেরিনা জাহান কবিতা। স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। সন্ধ্যায় মোহাম্মদ নাসিমের নির্বাচনি এলাকা কাজীপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়েও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সামসুজ্জামান আলোর সঞ্চালনায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান নেতা আনোয়ার হোসেন রতু, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিনিয়র সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, আব্দুল মমিন মণ্ডল এমপি এবং মোহাম্মদ নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় প্রমুখ।