ফাঁসি ফাঁসি খেলতে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে ফাঁসিতে ঝুলে মনোয়ারা খাতুন ঈশিতা ((১১) নামের এক শিশু মারা গেছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুল গ্রামে ঘটনাটি ঘটেছে।

মনোয়ারা খাতুন ঈশিতা ব্যবসায়ী মনিরুল ইসলামের মেয়ে ও নাচোল এশিয়ান স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

এলাকাবাসী ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে প্রতিদিনের মত তাদের ভাইবোনকে বাড়িতে তালা বন্ধ করে শিবগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যান মনিরুল ইসলাম।  এ সময় তারা দুই ভাইবোন ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে বোন মনোয়ারা ফাঁসিতে ঝুলে মারা যায় এবং ছোট ভাই শাহীন (৫) বেঁচে যায়। প্রতিবেশীরা জানতে পেরে মনিরুল ইসলাম ও থানায় সংবাদ দেয়। শিবগঞ্জ থানার এস আই বিকালে মনোয়ারা মরদেহ উদ্ধার করে।

এস আই আবু সাঈদ জানান, ভাই বোন ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পা নীচে পড়ে গিয়ে তার মুত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ