ছাত্রলীগ কর্মীকে মারধরের জেরে কুবির ৫ শিক্ষার্থীকে মারধর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধরের জেরে ৫ শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় দিনব্যাপী উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মায়ের দোয়া হোটেলে সকালের খাবার গ্রহণের জন্য যায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বারতম ব্যাচের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগ কর্মী মাহদি হাসান অভি। হোটেলে তিনি বান্ধবীসহ একটি টেবিলে বসেন। এ সময় ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের জাহিদুল আলম ওই টেবিলে এসে বসলে মাহদি তাকে অন্য টেবিলে বসতে বলে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ঐ ছাত্রলীগ কর্মীকে ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী ও তার বন্ধুরা ব্যাপক মারধর করে। এতে তার মাথা ও বুকে মারাত্মক জখম হয়।

পরে দুপুর ২টার দিকে ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় ভুক্তভোগী ও অভিযুক্তদের নিয়ে মীমাংসায় বসেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। এ সময় শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী জাহিদকে মারতে শুরু করে। তাকে বাঁচাতে গেলে তার বন্ধু জাহিদুল ইসলাম রুবেল, জয়নাল আবেদীন, মাহবুবুল হক শাকিল, চয়ন দাশসহ বেশ কয়েকজনকে মারধর করে শাখা ছাত্রলীগের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, শাখা ছাত্রলীগের উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ, ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ শাহরিয়ার, শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক খাইরুল বাশার সাকিব, ছাত্রলীগ কর্মী আব্দুর রহমান, কাজল হোসেন, আবীর, শ্রাবণ, আহমেদ রেজওয়ান, ওয়াকীলসহ অন্তত ২০/২৫ জন। এ ঘটনায় দুই পক্ষই মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

শাখা ছাত্রলীগের দুই নেতার উপস্থিতিতে এমন মারধরের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, 'সকালে এক ছাত্রলীগ কর্মীকে কিছু ছেলে মারধর করে। আমরা বসে তা মীমাংসার চেষ্টা করার সময় তাদের মাঝে আবার হাতাহাতি হয়ে যায়। পরে আমরা বসে সুন্দর একটি মীমাংসা করে দিই।'

আরও পড়ুনঃ মাদক সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে আমার কোন আপোষ নাই: সালমান এফ রহমান এমপি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, 'আমরা লিখিত বা মৌখিক কোন অভিযোগ পাইনি। পেলে ঘটনা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিব।'

ইত্তেফাক/নূহু