ঢাকা-১৮ ও সিরাজগঞ্জে-১ নিয়ে সিইসির সঙ্গে বৈঠক

যেখানে প্রচারণা সেখানেই বাধা আসছে :বিএনপি

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে বিভিন্ন অনিয়ম তুলে ধরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যেখানে প্রচারণা, সেখানেই বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনি এলাকায় প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। বিএনপি বিশ্বাস করে, নির্বাচন এবং ভোট ছাড়া একটা সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই অধিকারটাকে তারা (ক্ষমতাসীনরা) ছিনিয়ে নিয়েছে। এই অধিকারটিকে আমরা ফিরিয়ে আনতে চাই। 

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার বিকাল ৩টায় ইসির সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

বৈঠক শেষে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ‘আমরা বলেছি, পুলিশ কর্মকর্তারা আপনার কথা শোনে, নাকি বর্তমান সরকারের কথা শোনে—এটা আইডেন্টিফাই করতে হবে। যদি করতে না পারেন, তাহলে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। 

অভিযোগ শোনার পর প্রধান নির্বাচন কমিশনার কী বলেছেন— জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ উনি বলেছেন, আপনারা নাকি ভালো করেছেন। 

মোটা দাগে বিএনপির তিনটি অভিযোগ —ইসি

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিএনপি প্রতিনিধি দলের মোটা দাগে তিনটি অভিযোগ ছিল। পুলিশের অসহযোগিতা বা অসহায়ত্ব, বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা আর আওয়ামী লীগ প্রার্থী কর্তৃক নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করা। 

প্রার্থী হিসেবে আমাকেও বাধা দেওয়া হচ্ছে —জাহাঙ্গীর

বুধবার সকালে উত্তরায় নিজ বাসায় ঢাকা-১৮ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নেতাকর্মীদেরই নয়, প্রার্থী হিসেবে আমাকেও গণসংযোগে আওয়ামী লীগ বাধা দিচ্ছে।