আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

আসন্ন আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান, চাল কিনবে সরকার। এর মধ্যে ২ লাখ টন ধান, ৬ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে। আগামী ৭ নভেম্বর সারা দেশে আমন সংগ্রহ অভিযান শুরু হবে। চলবে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

গতকাল বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এ অনলাইন বৈঠকে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্যসচিব মোছাম্মত্ নাজমানারা খানুম।

বৈঠক শেষে খাদ্যমন্ত্রী বলেন, আমন মৌসুমে সরকার প্রান্তিক কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ টন আমন ধান সংগ্রহ করবে। এছাড়া ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল এবং আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করত। কিন্তু প্রান্তিক কৃষকদের ধানের ন্যায্য দাম নিশ্চিতে গত বছর থেকে আমন মৌসুমেও ধান সংগ্রহ করা হচ্ছে। এতে ধানের বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। বর্তমানে সরকারের গুদামে ১০ লাখ ৮১ হাজার টন খাদ্যশস্য মজুত আছে বলে জানান তিনি।