বিভিন্ন স্থানে ইসলামী সংগঠনের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত

ফ্রান্সে হজরত মোহাম্মদ (সা.)-এর ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ প্রতিবাদে বাংলাদেশে আলেমদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার রাজধানী ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন কওমি মাদ্রাসার আলেম-শিক্ষার্থীরা ও বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন। বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করে ইসলামী ঐক্যজোট। ঢাকার মোহাম্মদপুরেও একই ইস্যুতে সমাবেশ ও মিছিল করে ইত্তেফাকুল মাদারিস। সমাবেশে উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা আবু তালহা, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

গতকাল জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করে ইসলামী ঐক্যজোট। এছাড়া ফ্রান্সের সব ধরনের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের ঘোষণা দেওয়ার দাবি জানান ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, যুগ্মমহাসচিব ফজলুর রহমান, শেখ লোকমান হোসেন, আলতাফ হোসেন প্রমুখ। ঢাকার বাইরে ময়মনসিংহ, গোপালগঞ্জেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।