মাগুরা সদর উপজেলার চন্দ্রপ্রতাপ গ্রামে বিষাক্ত মদ্যপানে বিপ্লব কুমার দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মদের বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে আরো ৮ জন। মৃত বিপ্লব চন্দন প্রতাপ গ্রামের বিকাশ কুমার দাসের ছেলে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২৮ অক্টোবর) সকালে সে মারা যায়।
আঠারোখাদা ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস জানান, সোমবার দুর্গা পূজার দশমীর রাতে তারা মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার (২৮ অক্টোবর) সকালে বিপ্লব কুমার দাস মারা যায়। অসুস্থদের মধ্যে রুহোল সরদার (১৯), সজীব বিশ্বাসকে (২৯) ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর অসুস্থ পার্থ বিশ্বাস (২৪),শুভ বিশ্বাস (২২),নন্দ বিশ্বাস (১৭),প্রিতম বিশ্বাস (১৪),দীপঙ্কর বিশ্বাস (২৩), অন্তু বিশ্বাস (১৪) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষাক্ত মদ্যপানেই এ মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, অনেক ক্ষেত্রে ভেজাল ও অতিরিক্ত মদ্যপানের কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এমএএম