পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ শুরু আজ

প্রথম ওয়ানডেতে নেই শাদাব

করোনা মহামারি কাটিয়ে আবার নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে যাচ্ছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজে নিজেদের বেঞ্চের শক্তি যাচাই করে দেখার কথা বলেছেন পাকিস্তানি অধিনায়ক। সেটা খানিকটা বাধ্য হয়েও করতে হবে। কারণ আজকের ম্যাচে চোটের জন্য তারা দলে পাচ্ছেন না স্পিনিং অলরাউন্ডার শাদাব খানকে।

নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৮ সাল থেকে একটু একটু করে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে শুরু করেছিল পাকিস্তানে। ২০২০ সালে তাদের অনেকগুলো হোম সিরিজ দেশের মাটিতেই হওয়ার কথা ছিল। বাংলাদেশ এর মধ্যে দুই দফা পাকিস্তান সফর করেও এসেছিল। কিন্তু করোনা মহামারিতে সারা বিশ্বের মতোই স্তব্ধ হয়ে যায় এ দেশটির ক্রিকেট। অবশেষে জিম্বাবুয়ে এসেছে পাকিস্তান সফরে।

এ সফরে জিম্বাবুয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে জৈব বলয়ের ভেতর। আজ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগে বাবর আজম বলেছেন, ‘আমরা আশা করি ভালো একটা শুরু করতে পারব। জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্স আমাদের পরের সিরিজের জন্যও উপকৃত করবে। আমাদের পক্ষে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

এটা বলে বাবর নিজেই আবার বলেছেন, এই সিরিজে তারা বেঞ্চ থেকে দু-এক জন খেলোয়াড়কে একটু পরীক্ষা করে দেখতে পারেন।

এ ম্যাচে পাকিস্তান পাচ্ছে না শাদাব খানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বুধবার এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে বাম পায়ে চোট পান শাদাব। বিবৃতিতে বলা হয়েছে, ২২ বছর বয়সি এ ক্রিকেটারের চিকিত্সা ও পুনর্বাসন প্রক্রিয়া চলবে এবং দ্বিতীয় ওয়ানডের আগে তার চোটের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।