ডিসেম্বরে সরব হবে নারী ক্রিকেট

করোনার ধাক্কা উতরে সরব হয়েছে বাংলাদেশের ক্রিকেট। গত জুলাই থেকে অনুশীলন করছে ক্রিকেটাররা। জাতীয় দল, হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), অনূর্ধ্ব-১৯ দল নিয়মিত অনুশীলন, ক্যাম্প করছে। এরই মধ্যে একটি টুর্নামেন্টও খেলে ফেলেছেন মুশফিক-তামিমরা। কিন্তু এখনো স্থবির হয়ে আছে নারী ক্রিকেট।

মাহমুদউল্লাহদের মতোই কয়েক মাস আগে অনুশীলন শুরু করলেও ম্যাচ খেলতে ২২ গজে ফেরার সুযোগ হয়নি নারী ক্রিকেটারদের। এমনকি কোনো ক্যাম্পও আয়োজন করা হয়নি তাদের জন্য। উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ খেলতে যাওয়ার আগে সালমা-জাহানারাদের সঙ্গে কয়েক দিন অনুশীলন করেছেন তার সতীর্থরা। একাকী অনুশীলনে সময় কাটছে লতা মণ্ডল, নাহিদা আক্তাররা।

কবে করোনার রাহু মুক্ত হবে বাংলাদেশের নারী ক্রিকেট? বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল বলেছেন, ডিসেম্বরে একটা টুর্নামেন্ট করার ব্যাপারে আশাবাদী তারা। প্রায় সাত মাস ধরে সালমা-রুমানাদের হেড কোচ নেই। নতুন হেড কোচ নিয়োগের প্রক্রিয়ায় গতি নেই। ডিসেম্বরের আগে কোচ পাচ্ছে না নারী দল।

নারী ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা জানতে চাইলে গতকাল শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘আমরা একটা টুর্নামেন্ট দেব। আমাদের একটা প্রস্তুতি আছে। আমরা কথা বলছি। আশা করি আমরা ডিসেম্বর নাগাদ একটা টুর্নামেন্ট করব। যে কোনো ফরম্যাটেই হোক।’

নারী ক্রিকেটারদের বিভিন্ন দলে ভাগ করে বা বিভাগীয় দল নিয়েই টুর্নামেন্ট করার চিন্তা রয়েছে। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘এখন ক্লাবগুলো তো করোনার মধ্যে আসতে চাইবে না। তাদের জোর করেও আনা যাবে না। বিভাগীয় দল বা নিজেদের মধ্যে ভাগ করে দল গঠন করতে হবে।’

চলতি বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপে নারী দলের ভরাডুবির পরই ভারতীয় হেড কোচ আঞ্জু জৈনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তারপর নতুন কোচ নিয়োগ করা হয়নি। করোনার কারণে অনেকেই আসতে আগ্রহী নয়। তবে ডিসেম্বরে টুর্নামেন্ট শুরুর আগেই হেড কোচ নিয়োগ দেওয়া হবে বলে আশাবাদী উইমেন্স উইং চেয়ারম্যান।