পাহাড়পুর বৌদ্ধবিহার

কেন্দ্রীয় মন্দিরে ওঠার কাঠের সিঁড়ি বন্ধ

করোনার কারণে দীর্ঘ সাত মাস দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকার পর গত মাসে খুলে দেওয়া হয় পাহাড়পুর বৌদ্ধ বিহার। কিন্তু সিমেন্টের খুঁটির সঙ্গে তারকাটার বেড়া দিয়ে বিহারের কেন্দ্রীয় মন্দিরে ওঠার কাঠের সিঁড়ির মুখ বন্ধ রাখা হয়েছে। সিঁড়ির পূর্ব পাশে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা আছে ‘কেন্দ্রীয় মন্দিরের প্রধান সিঁড়িপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওপরে ওঠা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।’

সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীরা সিঁড়ি ব্যবহার করতে না পারায় ওপরে উঠতে পারছেন না। যারা মন্দিরের ওপরে উঠছেন তারা ঝুঁকি নিয়ে সিঁড়ির দুই পাশ দিয়ে উঠছেন। তাছাড়া, টিকিট কেটে বিহার প্রাঙ্গণে প্রবেশের কাঠের ব্রিজের কয়েকটি পাটাতন ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে দর্শনার্থীদের। দর্শনার্থীদের অভিযোগ, সংস্কারের কয়েক বছরের মাথায় বিহারের এমন বেহাল চিত্র মেনে নেওয়া যায় না। জানা যায়, বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বৌদ্ধবিহারটিকে সংস্কারের মাধ্যমে পুরোনো আদলে ফেরাতে নতুনভাবে সাজানো হয়। বিহারের প্রাচীরে লাগানো হয় পুরোনো ইট আর চুন-সুরকির কংক্রিট এবং পোড়া মাটির ফলক। দর্শনার্থীদের সুবিধার জন্য বসানো হয় কাঠের সিঁড়ি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালে সাউথ এশিয়ান ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে দুই ভাগে মোট ১৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকাজ করা হয়। এর মধ্যে কাঠামোগত উন্নয়ন কাজ ৮ কোটি ৮৬ লাখ টাকা এবং মূল বৌদ্ধবিহারের সংস্কারে ৪ কোটি ৫০ লাখ টাকার কাজ করা হয়েছে।

বগুড়া জেলার মহাস্থানগড় থেকে আসা বিকাশ চন্দ্র দাস বলেন, অনেক কষ্ট করে মন্দিরের ওপরে উঠতে এবং নামতে হলো। ক্ষতিগ্রস্ত সিঁড়িটি দর্শনার্থীদের সুবিধার্থে দ্রুত সংস্কার করা প্রয়োজন।

পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মো. ফজলুর করিম বলেন, কিছু দিন আগে একজন দর্শনার্থী মন্দিরের ওপর উঠতে গিয়ে পড়ে যায়। এতে তার বড় ধরনের ক্ষতি হয়। তারপর থেকে সিঁড়ির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিষয়টি পরিচালক মহোদয়কে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে এবং তার নির্দেশনায় সাইনবোর্ড লাগিয়ে সিঁড়ি দিয়ে চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।  এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।