ঢাকা-নরসিংদী-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে ৪১ ফুট উঁচু বঙ্গবন্ধুর ‘তর্জনী’ ভাস্কর্য নির্মাণের কাজ শেষ পর্যায়ে। মুজিববর্ষকে উপলক্ষ্য করে প্রায় ১৩ মাস আগে শুরু করা হয়েছিল এর নির্মাণ কাজ। ভাস্কর্য নির্মাণের উদ্যোক্তা নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, বঙ্গবন্ধু আঙ্গুলের ইশারায় পুরো জাতিকে এক করে বজ্রকণ্ঠের ঘোষণায় ছিনিয়ে আনেন স্বাধীনতা। জাতির পিতার সেই তর্জনী আজো আমাদের শক্তি জোগায়, সাহস জোগায়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়াসেই নরসিংদী পৌরসভা থেকে ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট সূত্র জানায়, তর্জনী ভাস্কর্যটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয় সাড়ে ৪২ লাখ টাকা। ভাস্কর্যটির শিল্পী অলি মাহমুদ বলেন, ৪১ ফুট উচু শিল্পকর্মটির মূল বেদিতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সব বিষয় স্থান পেয়েছে। মূল ভাস্কর্যটিতে বঙ্গবন্ধুর তেজোদীপ্ত তর্জনীর প্রকাশ পেয়েছে। আজ থেকে এক বছর তিন মাস আগে কাজ শুরু করেছিলাম। ইচ্ছে ছিল মুজিববর্ষের শুরুতেই উদ্বোধন করার। কিন্তু মাঝখানে মহামারি করোনার কারণে কাজে স্থবিরতা আসে। এখনো সৌন্দর্যবর্ধনের কাজের কিছু অংশ বাকি আছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ করতে পারব। শুধু তর্জনীকে প্রতিপাদ্য করে নির্মাণ করা ভাস্কর্যের মধ্যে এটি সবচেয়ে উঁচু বলে দাবি করছেন ভাস্কর অলি মাহমুদ।