খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা

প্রকৃতিতে শীতের আগমন বার্তার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছেন দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকার গাছিরা। মৌসুমের শুরুতেই খেজুর রস আহরণের জন্য খেজুরগাছ প্রস্তুত চলছে। হাতে দা ও কোমরে দড়ি বেঁধে খেজুরগাছে উঠে নিপুণ হাতে গাছ চাছা-ছোলা ও নলি বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। বক্কর গাছি ও হাসান গাছি জানান, এখন গাছের বাকল কেটে গাছ ঝোড়া করা হচ্ছে। গাছ ঝোড়া শেষে গাছ কাটার পালা। কিছু দিন পর গাছের উপরি ভাগের নরম অংশকে কেটে সেখানে বসিয়ে দেওয়া হবে বাঁশের তৈরি নালা। এ নালা দিয়ে চুঁইয়ে চুঁইয়ে রস জমা হয় ভাঁড়ে।