কচুরিপানায় ঢেকে যাচ্ছে গাজনার বিল

সুজানগরের গাজনার বিলের কোথাও এখন আর পানি চোখে পড়ছে না। চোখ মেলে যতদূর দেখা যায় শুধু কচুরিপানা আর কচুরিপানা। বিলপাড়ের বোনকোলা গ্রামের আব্দুল মজিদ বলেন, কচুরিপানার কারণে এ বছর বিলে আমন ধান আবাদ চরমভাবে ব্যাহত হয়েছে। তাছাড়া অত্যাধিক কচুরিপানার কারণে মত্স্যজীবীরা বিলে মাছও ধরতে পারছেন না। সেই সঙ্গে কচুরিপানার কারণে পানি দূষিত হওয়ায় বিলের মাছ মারা যাচ্ছে বলেও স্থানীয় মত্স্যজীবীরা জানান। সরেজমিনে বিলে গিয়ে দেখা যায়, বিলের অধিকাংশ জায়গা কচুরিপানায় ঢাকা। চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর কচুরিপানা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বিলপাড়ের উলাট গ্রামের নুরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন সরকারিভাবে বিলের জমি থেকে কচুরিপানা পরিষ্কার বা অপসারণ করা হয় না। তাছাড়া বিলে যেসব কৃষকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে তারাও নিজ উদ্যোগে ঐ কচুরিপানা পরিষ্কার করেন না। সে কারণে এ বছর বর্ষা মৌসুমে বিলের অধিকাংশ জায়গায় প্রচুর পরিমাণে কচুরিপানা জন্ম নিয়েছে। বিশেষ করে বিলের খয়রান, দুর্গাপুর, বামুন্দি, পাইকপাড়া, চরদুলাই, উলাট, শারীরভিটা এবং বোনকোলসহ ১০/১৫টি পয়েন্টে ব্যাপকভাবে কচুরিপানা বেড়ে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, শুষ্ক মৌসুমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে কচুরিপানা পরিষ্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।