কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে বুধবার রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে গরুচোর সিন্ডিকেটের মূল হোতা চুরি, ডাকাতি, অস্ত্রসহ ছয় মামলার আসামি মোহাম্মদ আলীসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। গ্রেফতারকৃত অপর দুই জন হলো—মাসুম মিয়া ও তার ভাই সাহিদ মিয়া। পুুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, এ গরুচোর সিন্ডিকেটের সঙ্গে ১৫/২০ জন জড়িত রয়েছে। গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। চক্রের অপর পলাতক সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।