শরণখোলায় অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

শরণখোলার সোনাতলা গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করা একটি অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়। এ নিয়ে গত ১০ মাসে ২২টি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, ঐ দিন উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মিঠু খান তার বাড়ির বাগানে অজগরটি দেখে বনবিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপকে খবর দেন। খবর পেয়ে পেট্রোলিং গ্রুপের সদস্যরা অজগরটি উদ্ধার করে রেঞ্জ সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত লোকালয় থেকে উদ্ধার হওয়া ২২টি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়।