সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে কাজ করছে সরকার। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জনগোষ্ঠীদের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের মাধ্যমে পর্যটনের সম্ভাবনাকে আরো ফুটিয়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার বান্দরবান ক্ষুদ্র-নৃজনগোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন প্রতিমন্ত্রী ইনস্টিটিউটের পাহাড়িদের সংস্কৃতিসামগ্রী পরিদর্শন এবং বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।