ফাঁকা থাকা আসনে ভর্তি হওয়ার জন্য বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের একাংশ। এদিকে টানা ৬০ ঘণ্টার অনশনে ইতিমধ্যে অসুস্থ হয়েছেন তিন জন। অনশনরত শিক্ষার্থী সৌরভ শীল বলেন, উপাচার্য আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি রিজেন্ট বোর্ডের মিটিং পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব জানিয়েছেন, অনশনরত শিক্ষার্থীদের বিষয়ে আগামী ১ নভেম্বর আলোচনা করা হবে। ফাঁকা আসনে নতুন করে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।