আটরা-গিলাতলা ইউনিয়নের পাঁচ মৌজা সিটি করপোরেশনে যেতে চায় না

খুলনা মহানগরীসংলগ্ন ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের পাঁচটি মৌজাকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা খুলনা-যশোর মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে আটরা-গিলাতলা ইউনিয়ন রক্ষা সম্মিলিত নাগরিক কমিটি।

মানববন্ধন কর্মসূচিতে ‘অতিরিক্ত কর খাজনা দিব না, আমরা সিটি করপোরেশনে যাব না’, আমরা ইউনিয়নবাসী ইউনিয়ন পরিষদে থাকতে চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‘গ্রাম হবে শহর’  উল্লেখ করে বলেন, আটরা-গিলাতলা ইউনিয়নের পাঁচটি মৌজা কেসিসির অন্তর্ভুক্ত হলে জনগণকে অতিরিক্ত কর, খাজনা দিতে হবে। এতে জনগণের ভোগান্তি বাড়বে।

বক্তারা শহরের সীমানা বৃদ্ধি না করে গিলাতলা ইউনিয়নের পাঁচটি মৌজাকে খুলনা সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত প্রত্যাহার করে উক্ত পাঁচটি মৌজাকে শহরের আদলে তৈরি করে গিলতলাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার দাবি জানান।

বক্তৃতা করেন জামিল হোসেন, কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মোল্লা সোহরাব হোসেন, মাহমুদ হাসান, মো. হুমায়ুন কবির, বখতিয়ার পারভেজ, আম্বিয়া বেগম, পায়রা বেগম, শেখ শাহিন রহমান প্রমুখ।