অনেক দিন আগের কথা। ভারতের তামিল রাজ্য। সেই রাজ্যের এক গাঁয়ে ছিল এক মাঝ-বয়সী লোক। তার কোনো ছেলেপুলে ছিল না। আর বউয়ের সঙ্গে সবসময় খিটিমিটি লেগেই থাকত। নিরুপায় ঐ লোকের সঙ্গে পাশের গাঁয়ের অল্প বয়সের এক নারীর বিয়ে হয়। সুরাহা হয় না তাতেও। দুই বউ একসঙ্গে হলেই কেবল ঝগড়া আর ঝগড়া। শহরের দুই জায়গায় দুই বাসায় দুই বউ নিয়ে সংসার শুরু করে সে। অনেক আলোচনার পর ঠিক হয়, তাকে পালা করে এক-এক বউয়ের সঙ্গে এক-এক দিন থাকতে হবে।
ছোট বউর ভীষণ বুদ্ধি। বরের মাথায় বিলি কাটার নামে সাদা চুল তোলে। কম-বয়সের কালো-চুলওয়ালা বরই তার চাই।
এরপর বড় বউয়ের সঙ্গে থাকার সময় কালো-চুলওয়ালা বরকে দেখে বেজায় রাগ হয় তার। সে তুলতে শুরু করে বরের যত কালো-চুল। ভারিক্কি চেহারার বরই তার পছন্দের।
দুই বউয়ের চুল তোলার লড়াইয়ে একসময় বরের মাথায় উঁকি মারে মস্ত টাক।
রূপান্তর : কুতুব আজাদ