দেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের সঙ্গে ভারতের সংশ্লিষ্ট মান প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দেশের অভ্যন্তরে পণ্যের গুণগত পরীক্ষণের জন্য মোবাইল টেস্টিং ল্যাবরেটরি সেবা চালুতে ভারত সহায়তা করবে বলেও জানান তিনি। গতকাল মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী।
শিল্পমন্ত্রী বলেন, পারস্পরিক উন্নয়ন অভিযাত্রা এগিয়ে নিতে উভয় দেশ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে এক সঙ্গে কাজ করছে। তিনি বাংলাদেশের অটোমোবাইল, হালকা প্রকৌশল, কৃষি যন্ত্রপাতি ও এপিআই শিল্প খাতের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে উভয় দেশের বিশেষজ্ঞদের মধ্যে সংলাপ ও মতবিনিময়ের মাধ্যমে সহায়তার ক্ষেত্র চিহ্নিত করার পরামর্শ দেন।