পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামফোবিয়ার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গত বুধবার মুসলিম বিশ্বের নেতাদেরকে লেখা চিঠিতে এই আহ্বান জানিয়েছেন। এদিকে পাকিস্তানে হিন্দুধর্মাবলম্বীদের জন্য নতুন একটি মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। খবর আলজাজিরা ও ডনের
প্রধানমন্ত্রী ইমরান খান ফরাসি প্রেসিডেন্টের নাম উল্লেখ না করে তার চিঠিতে লিখেছেন, সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পর্যায়ে ইসলামবিদ্বেষী বক্তব্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, ইসলামবিদ্বেষ কতটা বেড়েছে, যা ইউরোপে ছড়িয়ে পড়ছে। ফলে মুসলিমদেরকে এক পাশে সরিয়ে রাখা হচ্ছে। তিনি বলেন, এসব দেশের নেতা হয়তো বুঝতে পারছেন না যে, বিশ্বে মুসলিমরা তাদের মহানবি হজরত মোহাম্মদকে (স.) এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফকে কতটা ভালোবাসেন। মুসলিম বিশ্বের কোন নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে লেখা এক চিঠিতে বলেছিলেন, মোহাম্মদ (স.) এবং কোরআন শরিফকে যেন হলোকাস্টের মতোই বিবেচনা করা হয়, যা নিয়ে বিদ্রুপ, প্রশ্ন করা এবং যার অমর্যাদা করা যাবে না।
নতুন মন্দির নির্মাণের অনুমতি
পাকিস্তানের কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি ইসলামাবাদে হিন্দুধর্মাবলম্বীদের জন্য নতুন মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে। ইসলামাবাদে বর্তমানে কার্যকর কোনো মন্দির নেই। সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন পার্লামেন্টের সদস্য ও প্রখ্যাত হিন্দু নেতা লাল মালহি। তবে বেসরকারি উদ্যোগে মন্দির নির্মাণে সরকারি তহবিল ব্যয়ের অনুমতি না দেওয়ায় তিনি সমালোচনা করেন। প্রধানমন্ত্রী ইমরান খানও বিষয়টি বিবেচনার জন্য কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া ধর্মীয় এবং বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য হিন্দুসম্প্রদায়ের একটি কমিউনিটি সেন্টার নির্মাণের অনুমতিও দিয়েছে কাউন্সিল।