শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়াল

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এ সময়ের মধ্যে কিন্ডারগার্টেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বন্ধকালীন সময়ে আমাদের মনিটরিং চলবে।  একই সঙ্গে আগামী বছর যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকারের ভাবনা তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে মহামারির সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, আগামী বছর যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবে, তাদের কথা বিবেচনায় রেখে আমরা খুবই সীমিত পরিসরে, স্বাস্থ্যঝুঁকি একেবারেই যাতে না থাকে এ রকম একটা ব্যবস্থা কী করে করা যায়, সেসব আমরা চিন্তাভাবনা করে দেখছি। যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে আমরা সে ধরনের সিদ্ধান্ত নিব।

দীপু মনি বলেন, আগামী বছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পড়াশোনা কিছুটা হলেও ব্যাঘাত হয়েছে। আট-নয় মাস ক্লাস করতে পারেনি। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাদের জন্য সীমিত পরিসরে হলেও এখন থেকেই পরীক্ষার আগ পর্যন্ত যদি সময় দেওয়া যায়, তাহলে তারা হয়ত নির্ধারিত সিলেবাস সম্পন্ন করতে পারবে। এরপরেও সীমিত পরিসরে হলেও তাদের ক্লাসরুমে নিয়ে এসে যেখানে যেখানে সমস্যা আছে তা দূর করতে হবে।

এসএসসি পরীক্ষা পেছাতে হবে না

শিক্ষামন্ত্রী জানান, আশা করি আগামী বছরের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।  এই পরীক্ষা পেছাতে হবে না। যদি প্রয়োজন হয় তবে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। তবে চেষ্টা করব সময়মত পরীক্ষা নেওয়ার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে ডা. দীপু মনি বলেন, চতুর্থ বর্ষের পাঁচটি পরীক্ষা হয়েছে, আর কয়েকটি বাকি। কেউ কেউ এই পাঁচটি পরীক্ষার ভিত্তিতে অন্যগুলোতে নম্বর দেওয়ার কথা বলেছেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে বা কারিগরিতে যারা আছেন, তাদের বিষয়টি ভিন্ন। কারণ তাদের এটি চূড়ান্ত পরীক্ষা, এরপর তারা কর্মজীবনে প্রবেশ করবেন। কাজেই পরীক্ষাগুলোর যদি সঠিকভাবে মূল্যায়ন না হয়, তাহলে তাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হবে। তাই পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা ঠিক হবে না। মন্ত্রী শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখার। এক বা দুই মাস পর পরীক্ষা হলে যেন শুনতে না হয় প্রস্তুতি নিতে পারিনি।

বই উত্সব হচ্ছে না

প্রতিবছর নতুন বছরের প্রথম দিন বই উত্সব হলেও এবার মহামারির কারণে তা বাতিল করা হয়েছে। তবে বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী বলেন, বই তৈরি থাকবে। তবে এবার স্বাস্থ্যঝুঁকির কারণে আমরা সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারব না।

রাবি উপাচার্যের অনিয়ম;

প্রতিবেদন দেখে ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যে প্রতিবেদন দিয়েছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, সচিব অসুস্থ থাকায় এখনও এই বিষয়টি বিবেচনায় আনতে পারিনি, উনি সুস্থ হয়ে ফিরে এলেই বিষয়টি নিয়ে আমরা বসব।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ইউজিসি গণশুনানি করতে পারে কিনা, সে বিষয়ে কমিশনের আইন খতিয়ে দেখা হবে।