রংপুরে ছাত্রীকে গণধর্ষণ

এএসআই রায়হানুল কারাগারে, রিমান্ড শুনানি ৪ নভেম্বর

রংপুর শহরের হারাগাছে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে পিবিআই পুলিশ আদালতে তার রিমান্ডের আবেদন জানালে রিমান্ড শুনানির দিন ৪ নভেম্বর ধার্য করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর চিফ জুডিশিয়াল আদালতের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের রংপুর জেলা পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন জানান, এএসআই রাহেনুলকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলি আদালতের বিচারক স্নিগ্ধা রানীর কাছে উপস্থাপন করা হয় এবং আমরা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের     আবেদন করি।

বিচারক আগামী ৪ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন এবং রাহেনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এই মামলায় আমরা নিবিড় তদন্ত করছি। কোনো কিছুই এতে বাদ যাবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার পর চার্জশিট দেওয়া হবে।

এর আগে কড়া পুলিশ পাহারায় বিকেল ৪টা ৩৫ মিনিটে রাহেনুলকে আদালতে হাজির করে রংপুর পিবিআই পুলিশ। দিনভর সেখানে অপেক্ষায় থাকা সাংবাদিকরা ছবি তুলতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সেখানে হট্টগোল বাধে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সাংবাদিকরা। পরে নিচে এসে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ সুপার। রাহেনুলকে পরে আদালত থেকে প্রিজন ভ্যানে করে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।