গৌরীপুরে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের হারুন পার্কে মূল সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে শুভ্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন।
অপরদিকে আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুভ্র স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছে। স্থানীয় ধান মহালে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এদিকে বৃহস্পতিবারের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা মো. মজিবুর রহমান, বোকাইনগর ছাত্রলীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম, শাহজাহান সম্রাট, রাকিবুল হাসান প্রমুখ।
গৌরীপুর পৌরসভার পানমহালে ১৭ অক্টোবর রাতে কুপিয়ে হত্যা করা হয় পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে।