করোনাকালীন সময়ে ১ কোটির বেশি মানুষকে সেবা প্রদান করেছে স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩। ১লা মার্চ থেকে ২০শে অক্টোবর পর্যন্ত প্রায় ১,০১,৭৫,০৮০ জন মানুষ স্বাস্থ্য বাতায়ন থেকে বিভিন্ন পরিষেবা গ্রহণ করেছেন, যার মধ্যে ৮৬,৪৮,৮১৮ জনই করোনা ভাইরাস বিষয়ে ফোন করেছেন। করোনাকালীন সময়ে দেশের প্রতি ১৬ জন মানুষের মধ্যে একজন নিয়েছেন এই টেলিহেল্থ সেবা। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সেবা গ্রহণ করেছেন ১ কোটি ৫২ লাখ মানুষ। স্বাস্থ্য বাতায়ন বৃহত্তম টেলিহেল্থ সেন্টার যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের উদ্যোগে এবং দেশের প্রথম স্তরের আইসিটি এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সিনেসিস আইটির’ সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
সিনেসিস হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজামউদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিদিন ২০০ ডাক্তার প্রায় ৩ লাখ মানুষকে সেবা প্রদান করার সক্ষমতা রাখে স্বাস্থ্য বাতায়ন। এছাড়াও, বিশেষজ্ঞ সেবার জন্য বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালের বিশেষজ্ঞ কল সেন্টারে ফোন ট্রান্সফার করার ব্যবস্থা রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি