ভোটের অনুপাতিক হারে এমপি নির্বাচনের দাবি জি এম কাদেরের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থেই নির্বাচনব্যবস্থা সংস্কার করতে হবে। প্রচলিত নির্বাচনব্যবস্থা অনেক ক্ষেত্রেই কার্যকর নয়। তাই ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এতে দেশের সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে সংসদে। সংসদের সংরক্ষিত নারী আসনের মতো যদি সারা দেশে ভোটের অনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। এতে নির্বাচনে কালোটাকার খেলা বন্ধ হবে, নির্বাচনে খুনাখুনি হবে না। উপজেলা দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণ করতে হলে সংবিধান থেকে ৭০ অনুচ্ছেদটি তুলে দিতে হবে। উপজেলা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষকে বোকা বানানো হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ।