রাজধানীর একটি ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের মামলায় সাময়িক বরখাস্তকৃত কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জামিন দেয়নি হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও আবদুল মতিন খসরু এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।
গত বছরের ২৮ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক। এর আগে দুদকের কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় পরে মামলা হয়।