স্নেহের পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। সুস্থ দেহ আর সুস্থ মনে সবাই আগামী ২০২১ সনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কর এটাই প্রত্যাশা করি। পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে এই কয়েক মাস ভালো করে মনোযোগ দিয়ে সকল বিষয় রিভিশন দেবে। কেন না বর্তমান পরীক্ষা পদ্ধতিতে কম আর বেশি গুরুত্বপূর্ণ বলে কোনো কথা নেই। গত বছরের পরীক্ষায় যা এসেছে তা এ বছরও আসতে পারে। তাই তোমাদেরকে সবই গুরুত্ব দিয়ে পড়তে হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার পরীক্ষার্থী, তাদের জন্য আজ আমি বিজ্ঞান বিষয়ে কীভাবে ভালো প্রস্তুতি নিবে তা নিয়ে কিছু কথা বলবো। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আবশ্যিক বিষয় হলো বিজ্ঞান। তাই ভালো ফলাফলের জন্য এই বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। বিজ্ঞান বইয়ের ১৪টি অধ্যায়ই ভালো করে আয়ত্তে আনতে হবে।
একাধিক অধ্যায় মিলে একটি সৃজনশীল প্রশ্ন হতে পারে, আবার একটি অধ্যায় থেকেও একটি প্রশ্ন হতে পারে। তাই প্রতিটি অধ্যায়ই পড়তে হবে। প্রতিটি অধ্যায়ের চিত্রগুলো মনোযোগ দিয়ে লিখবে। কারণ পরীক্ষায় চিত্র দিয়েই বেশির ভাগ প্রশ্ন হয়ে থাকে। বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পাঠ্যবইটি লাইন টু লাইন পড়তে হবে।
মনে রাখবে এসএসসি পরীক্ষায় পাঠ্য বইয়ের আলোকে প্রশ্ন হবে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এগারোটি প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে প্রশ্নগুলো বুঝে উত্তর করবে। কারণ কোনো প্রশ্নের জ্ঞানের উত্তর ভুল মানে তোমার পুরো উত্তরই ভুল। তাই আমি বলবো প্রথমে উদ্দীপক ভালোভাবে পড়বে এবং স্তরানুযায়ী উত্তর লেখার চেষ্টা করবে। এসো এবার একটি সৃজনশীল প্রশ্ন দেখে নিই।
উদ্দীপকটি লক্ষ্য কর- উচ্চতাপ ও চাপ
n(CH2=CH2) o2 প্রভাবক
(ক) প্রাকৃতিক পলিমার কাকে বলে?
(খ) থার্মো প্লাস্টিকস বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকে প্রদত্ত ‘X’এর উত্পাদন কৌশল ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে প্রদত্ত ‘X’ এর অপব্যবহার পরিবেশের জন্য হুমকিস্বরূপ-যুক্তিসহ তোমার মতামত দাও।
এখানে
ক জ্ঞানমূলক প্রশ্ন। যার উত্তর তোমরা পাঠ্যবইয়ে সরাসরি পাবে।
খ অনুধাবনমূলক প্রশ্ন এর উত্তর ও পাঠ্যবইয়ে পাবে এবং তা বইয়ের আলোকেই লিখতে হবে।
গ হলো প্রয়োগমূলক প্রশ্ন। এর উত্তরে পাঠ্যবইয়ের জ্ঞান নতুন পরিবেশে কী উত্পন্ন করেছে তা চিহ্নিত করে ব্যাখ্যা করতে হবে।
ঘ হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। এখানে গ এ উত্পন্ন বিষয়টির অপব্যবহার যে পরিবেশের জন্য হুমকি স্বরূপ এব্যাপারে তোমার নিজস্ব মতামতগুলো বিশ্লেষণ করবে। মনে রাখবে চারটি প্রশ্নেই আলাদা চারটি জ্ঞান আছে, শুধু ‘ক’ এর উত্তর ব্যতীত বাকিগুলো জ্ঞানের আলোকেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে।
সবশেষে বলবো প্রতিদিন পড়ার পাশাপাশি লিখতে হবে। সুন্দর হাতের লেখা ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে সহায়ক। তা ছাড়া শিখন দীর্ঘস্থায়ী করার জন্য লেখার বিকল্প নেই।
পরীক্ষার কক্ষে সময়ের প্রতি লক্ষ্য রাখবে। আগামী ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হওয়ার কথা। করোনার কারণে পড়াশোনায় অবহেলা কর না।
২ ঘণ্টা ৩০ মিনিটে সাতটা প্রশ্নের উত্তর লিখতে হবে, তাই প্রতিটি প্রশ্নের জন্য কত সময় লাগবে তা খেয়াল রেখে লিখবে। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। তাহলে ক্লান্তি আসবে না। এখন যদিও নানা রকম খেলার উপযোগী সময়, তবুও ভবিষ্যতের কথা ভেবে ছোটাছুটি করবে না। আশা করি তোমাদের আশানুরূপ ফলাফল আসবে। ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে।
ইত্তেফাক/জেডএইচ